দুইমাস বন্ধ থাকার পর ফের চালু চৌগাছার পশুহাট

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা পৌর পশুহাট প্রায় দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার ফের শুরু হয়েছে। দীর্ঘদিন পরে হাট চালু হওয়ায় খুশি ব্যবসায়ীসহ হাটের সাথে সম্পৃক্তরা।

চৌগাছার একমাত্র পৌরপশুহাট মামলার জটিলতার কারণে প্রায় দুই মাস বন্ধ ছিলো। আদালতের আদেশে পৌর কর্তৃপক্ষ ফের হাট রিটেন্ডার করে। বৃহস্পতিবার সেই টেন্ডারে সর্বোচ্চ দরদাতা উপজেলা বিএনপির নেতা ও পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল হাট পান। হাট পাওয়ার পর তারা শুক্রবার থেকেই হাট বসাবেন বলে অনুমতি নেন পৌর কর্তৃপক্ষের কাছ থেকে। এরপর মাইকিং করা হয়। তাতে সাড়া মেলে।

কথা হয় হাটের সাথে সম্পৃক্ত গোলাম মোস্তফার সাথে। তিনি বলেন, এই হাট চৌগাছাবাসীর জন্যে খুবই দরকার। হাটের সাথে শ শ মানুষ সম্পৃক্ত। হাট বন্ধ থাকলে তারা কষ্টে দিন পার করেন।

চা বিক্রেতা আসলাম উদ্দিন বলেন, আমি বৃহস্পতিবার রাতে খবর পেয়েছি আজ শুক্রবার হাট বসবে। দুই মাস দোকান খুলিনি। ভোরে এসে দোকান পরিষ্কার করে মালামাল তুলেছি। সেই আগের মতোই বেচাকেনা শুরু হয়েছে।

বারীনগর থেকে গরু বিক্রি করতে আসা জয়নাল হোসেন বলেন, সকালে গরু নিয়ে এসেছি। দুপুরের আগেই বিক্রি হয়ে গেছে। এই হাটে আমি নিয়মিত আসি। হাটটি বন্ধ থাকায় বেশ সমস্যায় দিন গেছে।

বিএনপি নেতা গোবিন্দ কুমার রাহা বলেন, চৌগাছায় পশুহাট আমি ও চেয়ারম্যান আতাউর রহমান লাল প্রতিষ্ঠা করেছিলাম। একটি মামলার কারণে এটি বন্ধ ছিল। দুই মাস পর হাট চালু করেছি।

হাটের ইজারাদার আতাউর রহামন লাল বলেন, চৌগাছায় একটি মাত্র পশুহাট হওয়ার কারণে এই হাটের কদর বেশি। আমি আশাবাদী এই হাটে ক্রেতা- বিক্রেতা আগের মতোই সর্বোচ্চ সুযোগ- সুবিধা পাবেন।