বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবি চৌগাছায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে চৌগাছায় মানববন্ধন করেছেন কিন্ডারগার্টেনের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার উপজেলার অন্তত ২০টি কিন্ডারগার্টেনের শতাধিক শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবক সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিদল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে যশোরের জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার না থাকায় তারা উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিশু শিক্ষার্থী জারিন মার্জিয়া, শাহরিয়া আতিক বলে, আমরা নার্সারি হতে ৫ম শ্রেণি পর্যন্ত কিন্ডারগার্টেন স্কুলে পড়ালেখা করে আসছি। বিগত বছরে আমাদের বড় ভাই বোনেরা প্রাথমিকে বৃত্তি দিতে পেরেছে এবার সেটি বন্ধ করা হয়েছে, আমরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে চাই, সে কারণে ক্লাস এ মানববন্ধনে অংশ নিয়েছি।

চৌগাছা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়শনের পক্ষে নবকিশলয় কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, বছরের পর বছর ধরে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিয়ে আসছে এবং তারাও অত্যন্ত সাফল্যের সাথে পাস করছে। এ বছর সরকার সারা বাংলাদেশে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের ওই সুবিধা থেকে বঞ্চিত করছে বিধায় আমরা রাস্তায় নেমেছি। গত সপ্তাহে যশোর শহরে অনুরুপ মানববন্ধন হয়েছে। যশোরের মত সারাদেশে আমরা মানববন্ধন করে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি।

এ সময় উপজেলা পরিষদ লাইসিয়াম স্কুলের সিনিয়র শিক্ষক মাও. শাহাজান আলী, প্রতিভা এডাস স্কুলের সিনিয়র শিক্ষক রাজিব হোসেন, চাইল্ড কেয়ার এডাস স্কুলের প্রধান শিক্ষক শাহাজান আলী, সবুজ কুড়ি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক রজব আলী, রাগিব আহসান কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক রাম প্রসাদ, বেলা প্রি ক্যাডেট স্কুলের রতন হোসেন, আদর্শ এডাস স্কুলের শিক্ষক আব্দুল আজিজসহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।