ডাকসু নির্বাচন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে, তফসিল ২৯ জুলাই

0

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে ২৯ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে রবিবার (২০ জুলাই) সকালে জানায় নির্বাচন কমিশন।

সিনেট ভবনে ছাত্রসংগঠন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, ‘এটাই একমাত্র অফিসিয়াল তারিখ। তফসিল ঘোষণার পর ৪০ থেকে ৪৫ দিনের মধ্যেই ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

এদিকে, ডাকসু নির্বাচন নির্বিঘ্ন করতে ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি নির্বাচনের বিভিন্ন প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন।

নির্বাচনে ভোটগ্রহণের জন্য যে ছয়টি কেন্দ্র নির্ধারিত হয়েছে, তা হলো:
১. কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল)-এই কেন্দ্রে ভোট দিবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা।

২. শারীরিক শিক্ষা কেন্দ্র-এই কেন্দ্রে ভোটার হবেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।

৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র-বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।

৫. সিনেট ভবন কেন্দ্র (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম)-এই কেন্দ্রে ভোটগ্রহণ হবে স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল এবং বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের জন্য।

৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র-সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিতে পারবেন।

ডাকসু নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার পর এই সময়সূচি শিক্ষার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।