কালীগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু, দুই দিনেও মেলেনি সন্ধান

0

লোকসমাজ ডেস্ক ।।  ঝিনাইদহের কালীগঞ্জে বুড়ি ভৈরব নদীতে গোসল করতে নেমে নাঈম (৯) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

গত দুই দিন ধরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ব্যাপক তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। নিখোঁজ নাঈম কালীগঞ্জ উপজেলার মাসলিয়া গ্রামের সবজি বিক্রেতা মহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৪ জুলাই) দুপুরে নাঈম তার বন্ধুদের সাথে বাড়ির পাশের বুড়ি ভৈরব নদীর হাসিলবাগ ব্রিজের ওপর থেকে পানিতে লাফ দেয়। এ সময় তার অন্য বন্ধুরা পানি থেকে উঠে এলেও নাঈম নিখোঁজ হয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা প্রথমে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে এবং পরে ফায়ার সার্ভিসের খুলনা থেকে ডুবুরি দলও তাদের সাথে যোগ দেয়। প্রথম দিন রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও নাঈমের সন্ধান না মেলায় অভিযান স্থগিত করা হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। স্থানীয়রাও উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। তবে নদীতে তীব্র স্রোত এবং প্রচুর কচুরিপানা থাকায় উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে ডুবুরি দল জানিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নাঈমের কোনো সন্ধান পাওয়া যায়নি।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে নদীতে অতিরিক্ত কচুরিপানা থাকায় নাঈমকে খুঁজে পেতে সমস্যা হচ্ছে।