চিতলমারীতে অবৈধ বালি উত্তোলনকারীকে ৫০হাজার টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের দক্ষিণ শৈলদাহ গ্রামের সাহেব সরদারের ছেলে নুরুন্নবী সরদার (৩২) অবৈধভাবে বালি কাটায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানার অর্থ আদায় করেন।

বৃহস্পতিবার নুরুন্নবী সরদার বাংলাবাজার মোড়ে মাটি কেটে ও অবৈধ ডেজার দিয়ে বালি উত্তোলন করে জমি ভরাট করছিলেন। খবর পেয়ে চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, কলাতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ওহাব শেখ ও এসআই শাকিল নিয়াজ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।