সড়ক দুর্ঘটনার ৭০ শতাংশই মোটরসাইকেলে: বিআরটিএ চেয়ারম্যান

যশোরে হতাহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনকে বিআরটিএ ট্রাস্টি বোর্ড আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এর যথাযথ প্রচার হওয়া উচিত, যাতে ক্ষতিগ্রস্তরা এই আর্থিক সহায়তা পেতে পারেন।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে মানুষকে বেশি সচেতন হতে হবে। সচেতন হলে দুর্ঘটনা কমে যাবে। দেশে যে সংখ্যক সড়ক দুর্ঘটনা ঘটে তার ৭০ শতাংশই মোটরসাইকেলে। মাথায় হেলমেট ব্যবহার না করার কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে বেশি।

এ কারণে মোটরসাইকেল বিক্রির ক্ষেত্রে নতুন নিয়ম চালু করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব পাস হলে মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে দুটি করে বিএসটিআই অনুমোদিত হেলমেট প্রদান করতে হবে বিক্রেতা প্রতিষ্ঠানকে। যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার বেলা ১২টায় যশোর শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়েজন করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে যশোর, ঝিনাইদহ এবং মাগুরা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ১৫০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে যশোরে ৬৯ জন আহত ও নিহত পরিবারকে ২ কোটি ৭৩ লাখ টাকা, ঝিনাইদহের ৬২ পরিবারকে ২ কোটি ৪৬ লাখ টাকা ও মাগুরার ১৯ পরিবারকে ৬৭ লাখ টাকার চেক প্রদান করা হয়। প্রধান অতিথি এই চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা শুধু আইনি বাধ্যবাধকতা নয়, মানবিক দায়িত্বও বটে। এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে দাঁড়ানোর প্রেরণা যোগাবে। তিনি বলেন, আগে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আবেদন করার নিয়ম ছিলো। এখন ৯০ দিন করা হয়েছে। অনলাইনেও আবেদন করা যাবে।

অনুষ্ঠানে বিআরটিএ ঢাকার পরিচালক (অডিট ও আইন) রুবাইয়াৎ ই আশিক, খুলনা বিভাগের পরিচালক জিয়াউর রহমান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু ও ক্ষতিগ্রস্তদের পক্ষে হাফেজ মো. হারুন অর রশিদ বক্তব্য রাখেন।