ঝিনাইদহে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

0
তাবাসসুম খাতুন (৪)।

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুড়গাছা গ্রাম থেকে নিখোঁজের একদিন পর তাবাসসুম নামে সাড়ে ৪ বছরের এক কন্যা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ওই গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশু তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে।

স্থানীয় অধিবাসী মো. রনি জানান, শিশুটির পরিবার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকে। পিতা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী ও মা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকরি করেন।

মা হালিমা খাতুন জানান, বুধবার বিকেল আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিয়ে মাঠে যাওয়ার সময় একটি রক্তমাখা বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ এসে বস্তা খুলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন বলেন, শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়। দ্রুত এই হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।