চুয়াডাঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকারের জরিমানা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন, সংরক্ষণ করা ও মূল্যবিহীন মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে মিষ্টি ও এক ওষুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় আলমডাঙ্গার উপজেলার হাটবোয়ালিয়া বাজার এলাকায় তদারকি করে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত তদারকিতে নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ ও খাদ্য পণ্যের বাজার তদারকি করা হয়।

এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ করায় মেসার্স হৃদয় মিষ্টান্ন ভান্ডারের মালিক দিলবার হোসেনকে ৫ হাজার টাকা ও মেসার্স সোহাগ মিষ্ঠান্ন ভান্ডারের মালিক আব্দুস সুবহানকে ৩০ হাজার টাকা ও সর্বোচ্চ খুচরো বিক্রি মূল্যবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ে মেসার্স বিশ্বাস মেডিকেল কেয়ারের মালিক নওশাদ বিশ্বাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হাটবোয়ালিয়া বাজারে বিভিন্ন ফলের দোকান, শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়।

তদারকি পরিচালনা কাজে সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।