ইজিবাইকের জন্য চালককে নৃশংসভাবে হত্যা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সেলিম রেজা ডাবলু (৬৫) নামে এক চালককে নৃশংসভাবে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

রোববার সকালে সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে ব্র্যাক অফিসের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সাজিয়ালি পুলিশ ফাঁড়ির ইনচর্জ আব্দুর রউফ জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের সদস্যরা জানিয়েছেন শনিবার রাতে সেলিম রেজা ডাবলু ইজিবাইক নিয়ে বের হন। এরপর আর বাড়ি ফিরে যাননি। আজ (রোববার) সকালে চুড়ামনকাটি ব্র্যাক অফিসের সামনে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এসময় ইজিবাইকটি পাওয়া যায়নি।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের  চিকিৎসক জুবায়ের আহমেদ জানিয়েছেন, ভোরে পুলিশ একটি মৃতদেহ নিয়ে আসে। দেখা যায় তার মাথা থেকে পা পর্যন্ত খুচিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পেটের ভুড়ি পর্যন্ত বেরিয়ে এসেছে।

নিহতের  ছোট ভাই শাহীন জানান,  ছিনতাই করার উদ্দেশ্য হলে ছিনতাইকারীরা দুই চারটি চাকু মেরে ইজিবাইক নিয়ে যাবে। কিন্তু দুর্বৃত্তরা সেটি না করে মাথায়, বুকে, পেটে, দুই পায়ে এবং পিঠে একাধিক ছুরিকাঘাত করেছে। ইজিবাইক ছিনতাইয়ের পাশাপাশি তাকে হত্যার জন্যই মারা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, দূর্বৃত্তরা তাকে এলোপাতারি কুপিয়ে হত্যা নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে পূর্ব কোন শত্রুতা জেরে তাকে হত্যা করা হয়েছে।

বেলা ১২টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত কোন মামলা হয়নি। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হত্যার মোটিভ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।