হত্যা মামলা থেকে মূল অভিযুক্তের নাম বাদ ও সাদা কাগজে স্বাক্ষর নেওয়ায় থানা ঘেরাও

0

কালীগঞ্জ(ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেঁদেপল্লীতে বাড়ি থেকে ডেকে নিয়ে আবু তালেব নামে এক যুবককে হত্যার ঘটনার মামলা থেকে মূল অভিযুক্তকে বাদ দেওয়া ও সাদা কাগজে বাদীর স্বাক্ষর করিয়ে নেওয়ার প্রতিবাদে থানায় অবস্থান ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেঁদেপল্লীর বাসিন্দারা। এ সময় তারা কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদারের অপসারণের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের বেঁদেপল্লীর ২ শতাধিক নারী-পুরুষ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সেখানে তারা প্রায় ১ ঘন্টা অবস্থান নেন। তারা ওসির সাথে সাক্ষাৎ করতে চাইলেও তার দেখা পাননি। এরপর তারা শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে প্রায় ১ ঘন্টা যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করেন।

এ সময় রাস্তার দু’পাশে শতাধিক যান আটকে পড়ে। পরে তিনদিনের মধ্যে ওসির অপসারণের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান।

গত ৩ এপ্রিল ভোররাতে পূর্ব শত্রুতার জের ধরে আবু তালেব নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে লোহার রড দিয়ে হত্যা করা হয়। ওই দিনই নিহতের ভাই আব্দুল আলীমকে থানায় ডেকে তাকে মামলার বাদী করানো হয়।