ঝিনাইদহে সড়ক ডাকাতি রোধে পুলিশি টহল জোরদার

0

আসিফ কাজল, ঝিনাইদহ॥ ঈদে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মহাসড়কে ডাকাতি রোধে ঝিনাইদহে পুলিশি টহল জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশের অস্থায়ী চেকপোস্ট। সন্ধ্যার পর থেকেই ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার যাত্রীবাহী বাসে চলছে তল্লাশি ও ভিডিও চিত্র ধারণ।

সরেজমিন দেখা গেছে, ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনারে অস্থায়ী চৌকি বসিয়ে যাত্রীবাহী দূরপাল্লার বাসে তল্লাশি কার্যক্রম শুরু করছে পুলিশ। সদর থানা পুলিশ ও আরাপপুর হাইওয়ে পুলিশ যৌথভাবে এ তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। যাত্রীবাহী বাসে পুলিশ ভিডিও ধারণ করে তা সংরক্ষণ করছে। যাতে যাত্রী বেশে কেউ ডাকাতি বা ছিনতাই করার সুযোগ না পায়। পুলিশের এই উদ্যোগে যাত্রী ও পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজারদের মাঝে স্বস্তি ফিরেছে।

ঢাকাগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, রাতের বেলা দূরপাল্লার বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা রোধে পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয়।

আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি জোরদার করা হয়েছে।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মহাসড়কে ও যাত্রীবাহী বাসে ছিনতাই ও ডাকাতির মত ঘটনা রোধে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তল্লাশি কার্যক্রম চলবে।