আ.লীগ যা করেছে, শহীদ জিয়ার সৈনিকেরা তা কোন দিন করতে পারে না

ফতেপুরে বিএনপির ইফতার মাহফিলে নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

প্রধান অতিথি বলেন, দীর্ঘ ১৭ বছরের লড়াই সংগ্রামে দলের প্রতিটি নেতা-কর্মী মামলা হামলার শিকার হয়েছেন। সেই ভীতিকর পরিবেশ আবার ফিরে আসুক সেটি কেউ চায় না। আওয়ামী লীগ যে কাজটা করেছে, শহীদ জিয়াউর রহমানের আদর্শের কর্মীরা কোন দিন সেই কাজ করতে পারে না।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলকে সব সময় ধৈর্য ও সংযম প্রদর্শনের নির্দেশ দিয়ে বলেছেন, ‘এখনো আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারি নি। চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের বিগত দিনের মত ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।

ইফতার পূর্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামসহ দলের প্রয়াত নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হয়। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, বিএনপি নেতা সবদুল হোসেন, আব্দুল জলিল প্রমুখ।