রাজগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়।

থানায় এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হানুয়ার গ্রামের আবু সেলিমের ছেলে রুবায়েদ ফেরদৌস রাজা তার নিজস্ব ফেসবুক আইডিতে তার বন্ধুদের নিয়ে মজার একটি ফানি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি দেখে তার বন্ধুরা ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজগঞ্জ পারবাজার মোড়ে তাকে ভিডিওটি ছাড়ার কারণ জানতে চায়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।

এক পর্যায় হাতাহাতিও হয় উভয় পক্ষের মধ্যে। বিষয়টি জানাজানি হলে ওই দিন রাত ৮টার দিকে রুবায়েদ ফেরদৌস রাজা বাড়ি ফেরার সময় হানুয়ার বটতলা নামক স্থানে তাকে একা পেয়ে অভিযুক্ত আজিজুর ও তার পরিবারের লোকজন এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এঘটনায় হানুয়ার গ্রামবাসী এক হয়ে অভিযুক্তদের ধাওয়া করে।

এভাবে প্রায় ১ ঘন্টা চলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ । এ ঘটনায় উভয় পক্ষের ৫জন মারাত্মক আহত হয়েছেন। আহতরা হলেন রুবায়েদ ফেরদৌস রাজা (২১)আবু সেলিম (৪৫) মশিয়ার রহমান (৫০) সোহেল রানা (৩০) আজিজুর রহমান (৪৫)। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওই রাতেই আবু সেলিম ১২জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।