জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে হেলিকপ্টার পরিষেবা চালু করলো আদ্-দ্বীন ফাউন্ডেশন

0

স্টাফ রিপোর্টার ॥ জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে হেলিকপ্টার পরিষেবা চালু করেছে আদ-দ্বীন ফাউন্ডেশন। শনিবার দুপুরে যশোর শহরতলীর পুলেরহাটস্থ আদ-দ্বীন সাকিনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ পরিষেবার উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। এ পরিষেবার মাধ্যমে খুলনা বিভাগের ১০ জেলার দরিদ্র ও অসহায় মানুষকে সেবা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান বলেন, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার হলেও দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। আদ্-দ্বীন খুলনা বিভাগের মানুষের জন্য বিনামূল্যে যে সেবা চালু করেছে, তা একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগ সংকটাপন্ন অসচ্ছল রোগীদের দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে বেবিচক ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, টার্মিনাল সম্প্রসারণ এবং এয়ার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নসহ নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এভিয়েশন খাতের এ উন্নয়ন যাত্রীসেবা, কার্গো পরিবহন এবং বৈশ্বিক কানেক্টিভিটি আরও সহজ করবে। একই সঙ্গে, বিনিয়োগ, পর্যটন, বাণিজ্য ও জরুরি সেবায় বিমান চলাচলের ভূমিকা আরও শক্তিশালী হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, হেলিকপ্টার সেবা নিশ্চিত করতে খুলনা বিভাগের ১০ জেলায় ৬১৪টি স্পট নির্ধারণ করা হয়েছে। যে কোন স্পট থেকে মাত্র আধা ঘন্টায় আদ্-দ্বীনের যশোর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের স্থানন্তর করে উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। বেল ৫০৫ হেলিকপ্টারের বিনামূল্যে পরিবহণ সেবা পেতে হটলাইন ০২৪৭৭৭৬২৬৭১-৩ নম্বরে যোগাযোগ করতে হবে।

আদ্ দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল মজিদ, কাস্টমস হাউজ ঢাকার কমিশনার জাকির হোসেন, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনির্ভাসিটি হসপিটালের পেডিয়েট্রিশিয়ান কনসালটেন্ট ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

বক্তব্য রাখেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন, আকিজ অ্যাভিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর মুয়াজ রাকিব, আদ্ দ্বীন ফাউন্ডেশন উপদেষ্টা অধ্যাপক ডা. মোঃ আফিকুর রহমান, আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা, আরআরএফের নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

আদ্-দ্বীন সংশিষ্টরা জানিয়েছেন, সাধ্যের মধ্যে মান সস্মত স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে দেশে ৮টি হাসপাতালের মাধ্যমে চিকিৎসা প্রদান করছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে আদ্-দ্বীনের স্বাস্থ্য সেবায় যুগান্তকারী সংযোজন হেলিকপ্টারযোগে বিনামূল্যে রোগী পরিবহন সেবা শুরু করলো।

যশোর পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনার বয়রায় অবস্থিত আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত হেলিপ্যাডে হেলিকপ্টার দুটি অবতরণ করবে। সেখান থেকে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত ৮টি হাসপাতালে জরুরি রোগী স্থানান্তরের সেবা পাবে।