লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই সহোদর আটক

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী দুই সহোদরকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুন্দসী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক সন্ত্রাসী বাবুল শেখ ওরফে ধলা শেখ ও বিপুল শেখ উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামের দেলোয়ার শেখের ছেলে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান,পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুন্দসী গ্রামে অভিযান চালিয়ে সন্ত্রাসী ওই দুই ভাইকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম সেমি অটোমেটিক বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, বাবুল শেখ যুবলীগের ক্যাডার। আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় সে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলো। এ বিষয়ে লোহাগড়া থানার ওসি বলেন, আটক বাবুল শেখ ওরফে ধলা শেখের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭ টি মামলা রয়েছে। আটকদের ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে।