অপারেশন ডেভিল হান্টের অভিযানে যশোরসহ ৪ জেলায় আটক ৪৩

0

লোকসমাজ ডেস্ক ॥ অপারেশন ডেভিল হান্টে সোমবার রাতে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার জেলায় ৪৩ জন আটক হয়েছেন। এর মধ্যে মোংলায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।

যশোর : যশোরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আরও ১৬ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ নিয়ে দুই দফা অভিযানে ৩২ জনকে আটক করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নুর-ই-আলম সিদ্দিকী।

গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আটক ১৬ জনের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাইদুর রহমান, যশোর সদর উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুস সবুরের ছেলে সাইফুল ইসলাম, বাঘারপাড়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে শরিফুল ইসলাম, ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের শাহজাহান গাজীর ছেলে শরিফুল ইসলাম, রাজবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আদম শফিউল্লাহ ও বারবাকপুর গ্রামের সায়েদ আলীর ছেলে শহিদুল ইসলাম। মঙ্গলবার দুপুরের পর আটক ১৬ জনকে বিভিন্ন পেন্ডিং মামলায় আদালতে সোপর্দ করে পুলিশ। এ সময় সংশ্লিষ্ট আদালতের বিচারকেরা তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

চুয়াডাঙ্গা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৯জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত জেলার ৫টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস জানিয়েছেন, গ্রেফতাররা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গ্রামের আজিজুল হকের ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য সাঈদ আহম্মেদ উৎস (২৫), আলমডাঙ্গা উপজেলার বারাদী গ্রামের মকবুল হোসেনের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাসুজ্জামান (৪০), একই উপজেলার জামজামি ইউনিয়নের মরহুম বিশারত আলীর ছেলে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম (৩৫), একই উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ইখতার আলী মন্ডলের ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম (৩৭), দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী (৪৪), জীবননগর উপজেলার নিধিকুন্ডপুর গ্রামের ইয়াছিনের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাশেদ মিয়া (৫০) এবং দর্শনা থানার কৃষ্ণপুর বোয়ালমারী পাড়ার মরহুম জাফর আলীর ছেলে ইউনিয়ন যুবলীগের সহসম্পাদক সালাউদ্দীন (৩৩), কুন্দিপুর গ্রামে সৈয়দ আলীর ছেলে নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসম্পাদক জামাল উদ্দীন (৫৫) ও ডিহিকৃষ্ণপুর গ্রামের রমজান মন্ডলের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম (৪৬)।

তিনি জানান, তাদের বিরুদ্ধে জেলার ৫টি থানায় বিস্ফোরকসহ বিভিন্ন মামলা রয়েছে।

বাগেরহাট সংবাদদাতা জানান, অভিযানের তৃতীয় দিনে বাগেরহাটে ডেভিল হান্ট অপারেশনে গেল ২৪ ঘন্টায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আজিজুল মশাদীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুরে পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে এদের আটক করা হয়। আটকদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন।

পুলিশ জানায়, আটকদের মধ্যে মোরেলগঞ্জে ৩, কচুয়ায় ২, মোল্লাহাটে ১, ফকিরহাটে ২ জনকে আটক করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় ১২ জনকে আটক করা হয়েছে । এনিয়ে গত তিনদিনে ৪২ জনকে আটক করা হয়েছে।

মোংলা (বাগেরহাট)সংবাদদাতা জানান, অপারেশন ডেভিল হান্টে মোংলায় সাবেক পৌর কাউন্সিলর ও ইউপি মেম্বারসহ ৬আওয়ামী লীগ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার ভোর রাতে পৌর শহরের বিভিন্ন এলাকা হতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দুইনালা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা উদ্ধার করা হয়। অপরদিকে সোমবার রাতে শহরের কুমারখালী ও গোয়ালেরমেঠ এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম ও মো. সাইফুল শেখ নামে আরও দুজনকে আটক করে পুলিশ।

কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের ( মোংলা) অপারেশন অফিসার লে. কমান্ডার অনিক মাহমুদ জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে মঙ্গলবার ভোর রাতে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ মোংলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ এলাকায় অভিযান চালান। এ সময় আওয়ামী লীগ নেতা মো. ডালিম (৫২), সাবেক পৌর কাউন্সিলর মো. শফিকুর রহমান সাদ্দাম (৭২), চাঁদপাই ইউপির সাবেক সদস্য মো. জাহাঙ্গীর হোসেন (৪৩) ও বিধান চন্দ্র রায় (৬৬)- কে ১টি দুইনালা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়।

মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুরে ডেভিল হান্ট অপরেশনে ছাত্রলীগ ও যুবলীগের দুকর্মীকে আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। সোমবার রাতে পৌর এলাকার ৪নং ওয়ার্ড জলিলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ছাত্রলীগ কর্মী সাব্বির রহমান (২৮) ও নাটিমা ইউনিয়নের শিবান্দপুর গ্রামের কাঞ্চন মোল্যার ছেলে ১০নং নাটিমা ওয়ার্ড যুবলীগের সভাপতি রওশন আলীকে (৩৮) আটক করা হয়।
মহেশপুর থানার এসআই আসাদুর রহমান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।