বিজয় নিয়ে শঙ্কিত হয়ে অপপ্রচারে নেমেছে বিশেষ মহল, ষড়যন্ত্রকারীদের ক্ষমা করা হয়েছে: অনিন্দ্য ইসলাম অমিত

0
সাংবাদিকদের সাথে আলাপকালে নিজের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র ও রঙিন স্টিকার কাণ্ড নিয়ে তথ্য দিচ্ছেন অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের জনপ্রিয়তা ও নির্বাচনে জয়ের সম্ভাবনা দেখে একটি বিশেষ মহল গভীর ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, তাকে প্রশাসন ও জনগণের কাছে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রঙিন স্টিকার ও পোস্টার লাগানো হয়েছিল। তবে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটি এই চক্রান্তের পেছনে দায়ীদের দ্রুত চিহ্নিত করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, “যারা এই কাজ করেছে তারা ধরা পড়ার পর বারবার ক্ষমা চেয়েছে। যেহেতু তারা প্রথমবারের মতো এমন অপরাধ করেছে, তাই আমরা তাদের ক্ষমা করে দিয়েছি।”

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা এখন ষড়যন্ত্র করছে, বিপ্লবের কঠিন সময়ে সেই দলের প্রার্থীকে একদিনের জন্যও রাজপথে পাওয়া যায়নি। ধানের শীষ আজ কেবল বিএনপির প্রতীক নয়; এটি শান্তি, উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে দল-মত নির্বিশেষে মানুষের আস্থার স্থলে পরিণত হয়েছে। এই গণজোয়ার দেখে ভীত হয়েই বিশেষ ঐ প্রার্থী ও তার দল নানা অপপ্রচার চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।