যশোরে ব্লাইন্ড ক্রিকেট দলের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

0

স্পোর্টস রিপোর্টার ॥ চতুর্থ ব্লাইন্ড টি-২০ ক্রিকেট বিশ্বকাপের রানারআপ বাংলাদেশ দল এবং যশোর ব্লাইন্ড ক্রিকেট দলের সমন্বয়ে যশোরে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তরিকুল ইসলাম একাদশ বনাম মাইকেল মধুসূদন একাদশে বিভক্ত করে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে শহরের টাউন হল মাঠে অনুষ্ঠিত খেলায় মাইকেল মধুসূদন একাদশ ৩ উইকেটে জয়লাভ করে।

প্রথমে তরিকুল ইসলাম একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭০ রান করে। জয়ের জন্য মাইকেল মধুসূদন একাদশ ৭১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ৭ ওভার ব্যাটিংয়ে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। খেলা শুরুর আগে পুলিশ সুপার জিয়া উদ্দিন ম্যাচের উদ্বোধন ও খেলোয়াড়-কর্মকর্তাদের সাথে পরিচিত হন। ম্যাচ শেষে খেলোয়াড়-কর্মকর্তারা সাগরদাঁড়ীতে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি পরিদর্শনে যান।

প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকুজ্জামান, এ, জেড, এম সালেক, সচেতন নাগরিক কমিটি যশোরের সভাপতি শাহিন ইকবাল, যশোর ব্লাইন্ড ক্লাবের সভাপতি ফজলে রাব্বি মোপাসা, সহসভাপতি এম, এ আকসাদ সিদ্দিকী শৈবাল, সাধারণ সম্পাদক খায়রুল কবির চঞ্চল প্রমুখ।