যশোরে প্রীতি বাস্কেটবল টুর্নামেন্টে যবিপ্রবির জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ তারুণ্য উৎসব উপলক্ষ্যে যশোর এপিক বাস্কেটবল একাডেমি আয়োজিত প্রীতি বাস্কেটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শুক্রবার যশোর বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় স্বাগতিক এপিক বাস্কেটবল একাডেমিকে ৫৬-৫৩ পয়েন্টে পরাজিত করে।

ম্যাচ শুরুর সূচনাপর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। এ সময় তিনি বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের প্রভাবশালী নেতাদের কারণে এখানে প্রকৃত ক্রীড়া সংগঠকদের আসার সুযোগ ছিল না। যশোরের ক্রীড়াঙ্গন ফ্যাসিস্ট সরকারের সময় অবহেলিত ছিল। অবহেলিত ক্রীড়াঙ্গনের উন্নয়নের কাজ করার সময় এসেছে। যারা হৃদয়ে যশোরকে ধারণ করে তাদের প্রতি প্রকৃত ক্রীড়া সংগঠকদের সাথে এক হয়ে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি ।

জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এ.জেড.এম সালেক ও ক্রীড়া সংগঠক খায়রুল কবির চঞ্চল।