ছিনতাইকারীদের রুখতে যশোর রেলবাজারে লাঠি মিছিল

0

স্টাফ রিপোর্টার॥ যশোর শহরের রেলবাজার এলাকায় ছিনতাইকারী ও সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা লাঠি মিছিল করেছেন। গতকাল বুধবার বিকেলে মিছিলের আগে রেলবাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাজী মহিদুল ইসললাম, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, আবুল হোসেন, আসাদুজ্জামান, আক্কাস আলী, মাহমুদুল হাসান সুমন প্রমুখ।
সমাবেশে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, বেশ কিছুদিন রেলবাজার এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছিলো। কিন্তু চিহ্নিত ছিনতাইকারী আসিফ, বিদ্যুৎ, সোহেল, কুরবান, ছোট ফয়সাল ও বড় ফয়সাল ফের রেলবাজার এলাকায় তৎপরতা শুরু করেছে। চক্রের সদস্য আসিফ দুই দিন আগে বাজারের মুরগি ব্যবসায়ী রাজুর ভাগ্নে ইমনের কাছ থেকে মোবাইল ফোনসেট কেড়ে নিয়েছে। ওই ছিনতাইকারীকে ধাওয়া করায় বাবু নামে আরেক মুরগি ব্যবসায়ীর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার আগে মুরগি ব্যবসায়ী রাজুর বাড়িতে চড়াও হয়ে ৪ কর্মচারীকে মারধর করেছে সন্ত্রাসী ছোট ফয়সাল ও বড় ফয়সাল। এছাড়া বিদ্যুৎ ও সোহেল প্রায় প্রতিদিন ভোরে রেলবাজার এলাকায় ট্রেনযাত্রীদের ওপর চড়াও হয়ে তাদের কাছ থেকে টাকা কেড়ে নিচ্ছে। তারা বলেন, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে এসব ছিনতাইকারী ও সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে। পুলিশ প্রশাসন যদি দুর্বৃৃত্তদের দমনে পদক্ষেপ না নেয় তাহলে কোনো অঘটন ঘটলে তাদেরকেই সকল দায়দায়িত্ব নিতে হবে।
সমাবেশ শেষে ব্যবসায়ীরা লাঠি মিছিল বের করেন।