চৌগাছায় প্রতারক চক্রের দু’নারীসহ ৬ জন আটক

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় নারীদের ফাঁদ হিসেবে ব্যবহার করে বিভিন্ন পেশার পুরুষদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৬ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। আটকদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশ বুধবার সকালে চৌগাছা এবং মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় আলোচিত চক্রের ৬ সদস্য আটক হন। আটকরা হলেন, চৌগাছা উপজেলা সদর ইউনিয়নের মন্মতপুর গ্রামের তাজুর ছেলে দেলোয়ার (৩৮), আব্দুল মান্নানের ছেলে মইফুল ইসলাম (৩৬), কয়ারপাড়া গ্রামের শাহজাহানের ছেলে পান্নু হোসেন (৩৭) ও তার স্ত্রী মিতু (৩০), যাত্রাপুর গ্রামের রিপা খাতুন (৩৫) ও মহেশপুর উপজেলার জাহিদ হোসেন। আটকদের যশোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতরা যশোর ডিবি হেফাজতে আছে।

জানা যায়, এ চক্র কৌশলে যে কোনো ছেলেকে ফাঁদে ফেলে লুটে নেয় হাজার হাজার টাকা। চৌগাছা পৌরসভার বিভিন্ন জায়গায় এরা সুযোগ বুঝে আস্তানা গেড়ে বসে। আটকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অনেক রাঘব বোয়ালের নাম বের হয়ে আসবে এমনই মনে করছেন উপজেলার সচেতন মহল।