শার্শায় আগ্নেয়াস্ত্রসহ যুবলীগের উজ্জল আটক 

0
স্টাফ রিপোর্টার।। শার্শায় বহু অপকর্মে অভিযুক্ত ও সন্ত্রাসে কুখ্যাত যুবলীগ কর্মী উজ্জল হোসেনকে ওয়ান শুটারগানসহ ধরে স্থানীয় জনতা পুলিশে দিয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার সময় এ ঘটনা ঘটেছে । উজ্জল  উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের শাহাদৎ হোসেনের পুত্র । তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমি দখলসহ নানাবিধ অপকর্মের অভিযোগ রয়েছে । তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের লালিত সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। পতিত আওয়ামী লীগ সরকারের সময় তার অপকর্মের কাছে জিম্মি ছিলেন ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন উজ্জল হোসেন। বুধবার  সকালে তিনি অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিষয়ে নাভারণ গরু হাট সংলগ্ন নাভারণ সমবায় সমিতির মার্কেটের এক দোকানিকে গালিগালাজ করছিলেন। এসময় কয়েক জন তাকে নিবৃত করতে এগিয়ে এলে তাদের সাথে হাতাহাতিতে শুরু করেন। এসময় স্থানীয় জনতা তাকে ধরে এবং তার কাছে একটি ওয়ানশ্যুটার গান পাওয়া যায়। তখন তাকে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করা হয় ।
শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাস জানান, উপজেলার শার্শায় নাভারণ এলাকার গরু হাট সংলগ্ন নাভারণ সমবায় সমিতির মার্কেটের সামনে থেকে স্থানীয় জনতা ওয়ান শুটারগানসহ যুবলীগ নেতা উজ্জলকে ধরে পুলিশ খবর দেয়। পুলিশ ওয়ান শুটারগানসহ তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।