জামদিয়া স্টেশনের নাম ভিটাবল্যা করার দাবিতে স্মারকলিপি

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের বাঘারপাড়ার ভিটাবল্যা গ্রামে অবস্থিত জামদিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি ও স্টেশনের নাম পরিবর্তনের দাবিতে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে বুধবার এ স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা-যশোর পদ্মাসেতু লিংক প্রজেক্টের আওতায় বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যা গ্রামের ১৪৮ নম্বর মৌজায় একটি স্টেশন স্থাপিত হয়েছে। যার নাম জামদিয়া রেলওয়ে স্টেশন। অথচ জামদিয়া গ্রাম উল্লিখিত স্টেশন থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। যে কারণে স্টেশনটির নাম পরিবর্তন করে ভিটাবল্যা রেলওয়ে স্টেশন নামকরণ করা এলাকার মানুষের প্রাণর দাবি। তাছাড়া এলাকাবাসী বিভিন্ন মাধ্যমে অবহিত হয়েছে যে ওই স্টেশনে আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতি করবে না। এখানে ট্রেন যাত্রা বিরতি না করার ফলে জামদিয়া ইউনিয়নের ১৯টি গ্রামসহ পার্শ্ববর্তী ৬টি ইউনিয়নের দুই লক্ষাধিক জনগণ এর সুফল থেকে বঞ্চিত হবে। ফলশ্রুতিতে বাংলাদেশ রেলওয়ে তথা সরকারের বড় অংকের আয় থেকে বঞ্চিত হবে।
স্মারকলিপি দেয়ার সময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার, জামদিয়া ইউয়িনের বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের মোল্যা, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, গ্রামীণ ব্যাংকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম, যশোর কলেজের সহকারী অধ্যাপক মোক্তার আলী, জামদিয়া ইউয়িনের বিএনপির সহসভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক হাদী উজ্জামান প্রমুখ।