শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় দুই ভাই হতাহত

0

 

শ্যামনগর (সাতক্ষীরা )সংবাদদাতা॥ স্কুল ছুটি। তাই বেড়ানোর আবদারে বড় ভাইয়ের বাইসাইকেলে ঘুরতে যাওয়ার সময় শ্যামনগর খানপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মিশন এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় স্কুলছাত্র ছোট ভাই আব্দুল্লাহ তমিজি (১০) নিহত হয়েছে। আহত হয়েছে অপর ভাই সাইকেল চালক হাবিবুল্লাহ তমিজি (১৩)। গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির পর শিশু আব্দুল্লাহ তমিজি মারা যায়।
নিহত ও আহত দু শিশু উপজেলার খানপুর গ্রামের অলিউল্লাহ তমিজির ছেলে।আব্দুল্লাহ দরগাপুর মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তার ভাই আহত হাবিবুল্লাহ একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
শিশুদের পিতা অলিউল্লাহ জানান, ছোট ছেলে আব্দুল্লাহর অনুরোধে আমার বড় ছেলে হাবিবুল্লা বাইসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। খানপুর বাসস্ট্যান্ড এলাকায় যাওয়ার পথে শ্যামনগর সদর থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এ সময় সাইকেলসহ আমার দুই সন্তান রাস্তায় পড়ে প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়। তাদেরকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে আব্দুল্লাহ তমিজিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর ছেলে হাবিবুল্লাহ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনার সততা স্বীকার করে বলেন, দু শিশুর মধ্যে একজন মারা গেছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। মাইক্রোবাসটি আটক করা হয়েছে।