এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল

0

লোকসমাজ ডেস্ক॥ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১০ এপ্রিল থেকে শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে একই বছরের ৮ মে। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।
গতকাল বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে।
ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবুল বাশার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূচি অনুযায়ী, আগামী ১০ এপ্রিল থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৮ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা ১০ মে থেকে শুরু হয়ে ১৮ মে শেষ হবে।
পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।