ঝিনাইদহে এসএসসিতে ২২৬ ছাত্রী অনুপস্থিত

আসিফ কাজল, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলার ছয় উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ফরম পূরণ করেও ২২৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়নি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক ও মানবাধিকারকর্মীরা। তাদের আশঙ্কা, এর নেপথ্যে বাল্যবিয়ের প্রভাব থাকতে পারে।
জেলা প্রশাসকের দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, ২০২৬ সালে ঝিনাইদহে এসএসসি পরীক্ষায় মোট প্রার্থী ছিল ১২ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পরীক্ষার হলে অনুপস্থিত ছিল ১৬০ জন ছাত্রী ও ৪৮ জন ছাত্র।অন্যদিকে দাখিল পরীক্ষায় ২ হাজার ৫৭২ জনের মধ্যে অংশ নিয়েছে ২ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী। ভোকেশনাল শাখায় ১ হাজার ১১৬ জনের মধ্যে অংশ নেয় ১ হাজার ৯৬ জন।
ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নারায়ন চন্দ্র পাল জানান, চলতি বছর জেলায় মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৫৮১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৬ হাজার ২২০ জন এবং অনুপস্থিত ছিল ৩৬১ জন।
তিনি বলেন, এসএসসিতে অনুপস্থিতির হার প্রায় ২%, দাখিলে ৫% ও ভোকেশনালে ২% অনুপস্থিতির প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, অনুপস্থিত ছাত্রীরা মূলত গ্রামীণ এলাকার। ফরম পূরণ করেও কেন তারা পরীক্ষায় অংশ নেয়নি, তা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাই নিশ্চিত করতে পারবেন।
রুরাল ডেভেলোপমেন্টের নির্বাহী প্রধান আব্দুর রহমান বলেন, ২০২৫ সালে একই ধরনের ঘটনায় তদন্ত করে বাল্যবিয়ের প্রমাণ পাওয়া গিয়েছিল। এবারও অনেক ছাত্রী বিয়ের কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে ধারণা করা হচ্ছে।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা জানান, বাল্যবিয়ে প্রতিরোধে কমিটি সক্রিয় থাকলেও অনেক ক্ষেত্রে গোপনে ও স্থান পরিবর্তন করে বিয়ে দেওয়ায় সব তথ্য জানা সম্ভব হয় না।
জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফার রহমান জানান, গত বছর ২১৩ জন অনুপস্থিত ছাত্রীর বিয়ের বিষয়টি তদন্তে নিশ্চিত হয়েছিল। এবছরও একই কারণ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।