বাগেরহাটে আ. লীগ সভাপতির বিরুদ্ধে বোনদের জমি দখলের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার,বাগেরহাট॥ বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেগ ইমদাদুল হক বাচ্চুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন তার সৎ বোনেরা। সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তার ৬ বোন।
অভিযোগকারীরা হলেন, যাত্রাপুর এলাকার মৃত বেগ ইউসুফ আলীর মেয়ে কাকলি আক্তার, চামেলী আক্তার, এমিলি আক্তার, শামীম আরা, মর্জিনা বেগম ও পারভিন বেগম।
লিখিত বক্তব্যে কাকলি আক্তার বলেন, ১৯৯৬ সালে আমাদের পিতা মৃত বেগ ইউসুফ আলী মারা যান। মৃত্যুর সময় যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ মৌজায় বিভিন্ন খতিয়ানে তার ৫ একর ৪৬ শতক জমি ছিল। উত্তরাধীকার সূত্রে আমরা ৬ বোন ওই জমির অর্ধেক ও আমাদের সৎভাই বেগ ইমদাদুল হক বাচ্চু অর্ধেক জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলাম।
কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আমাদের সৎভাই বেগ ইমদাদুল হক বাচ্চু সরকারি দলের প্রভাব বিস্তার করে পৈত্রিক সূত্রে পাওয়া আমাদের সব সম্পত্তি থেকে আমাদের তাড়িয়ে দেন। সেই সাথে হুমকি দিয়ে বলেন এই জমিতে আসলে বা আসার চেষ্টা করলে প্রাণে মেরে ফেলবো। সে সময় থেকে আমরা আমাদের পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধার করার জন্যে বিভিন্নভাবে চেষ্টা করে ব্যর্থ হই।
গেল ৫ আগস্ট ছাত্র- জনতার আন্দোলনে স্বৈরাচার সরকার পতনের পর আমাদের ভাই বেগ ইমদাদুল হক বাচ্চু গা ঢাকা দেন। কয়েকদিন আগে তিনি বাড়িতে আসলে আমাদের জমি বুঝিয়ে দিতে বলি। তখনও তিনি আমাদের হুমকি দিয়ে বলে, আমাকে দুর্বল মনে করবা না। কোন বসাবসির সুযোগ নেই। আমি কোন জমি ফেরত দেব না। বেগ ইমদাদুল হক একজন দুর্নীতিবাজ লোক। দুর্নীতি করে বিপুল অর্থের মালিক হয়েছেন। এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেগ ইমদাদুল হক বাচ্চু বলেন, পিতার মৃত্যুর আগেই সব ভাই-বোনদের জমি বুঝিয়ে দিয়েছেন। বোনরা মোংলা থেকে ১০ বিঘা জমি বিক্রি করে টাকা নিয়েছেন। এছাড়া রহিমাবাদ মৌজায় আমার সৎ বোনদের জমি তাদের আপন ভাই বেগ মাহফুজুর রহমান বাদল ভোগদখল করছেন। আমি কারও জমি জোর করে ভোগদখল করিনি। এরপরেও যদি আমার বোনরা আমার বিরুদ্ধে কোন অভিযোগ তোলে তাহলে পারিবারিকভাবে বসে বিষয়টি সমাধান করা যেতে পারে।