বাংলাদেশিকে গ্রেপ্তার করে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে এফবিআই

0
"আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি যুবক জোবাইদুল আমিন। তাঁকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে এফবিআই। — ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে জোবাইদুল আমিন (২৮) নামের এক বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। শুক্রবার (৬ মার্চ) এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই তথ্য নিশ্চিত করেছেন। ২০২২ সাল থেকে পলাতক থাকা এই অভিযুক্তকে মালয়েশিয়া সরকারের সহযোগিতায় গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের আলাস্কায় আনা হয়েছে।

তদন্ত সূত্রে জানা গেছে, জোবাইদুল মালয়েশিয়ায় চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করতেন। অভিযোগ রয়েছে, তিনি ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট ব্যবহার করে শত শত অপ্রাপ্তবয়স্ক শিশুকে যৌনতামূলক ছবি ও ভিডিও তৈরিতে বাধ্য করতেন। ২০২২ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। ৪ মার্চ তাকে আলাস্কায় নিয়ে আসা হয় এবং ৫ মার্চ তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, দোষী সাব্যস্ত হলে জোবাইদুলের ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এফবিআই পরিচালক এই অভিযানে সহযোগিতার জন্য মালয়েশিয়া সরকারকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।