যশোরে আ.লীগের ১৪ জনের ওএমএস ডিলারশিপ বাতিল হচ্ছে

0

মীর মঈন হোসেন মুসা ॥ যশোরে পতিত আওয়ামী লীগ সরকার আমলে নিয়োগ দেওয়া ১৪ জনের ওএমএস ডিলারশিপ বাতিল হচ্ছে। ডিলারদের প্রায় সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ইতোমধ্যে নতুন ওএমএস ডিলারশিপ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রক্রিয়া শেষ হলেই আওয়ামী লীগ সরকার আমলে দেওয়া ডিলারদের ডিলারশিপ বাতিল করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের দফতর সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকার আমলে জেলায় মোট ৪২ জনকে ওএমএস ডিলারশিপ দেওয়া হয়। এর মধ্যে বিসিকসহ যশোর পৌরসভা এলাকায় ১৪ জন, কেশবপুরে ৪ জন, মনিরামপুরে ৪ জন, অভয়নগরে ৪ জন, বাঘারপাড়ায় ৩ জন, চৌগাছায় ৪ জন, ঝিকরগাছায় ৩ জন, বেনাপোলে ৪ জন ও শার্শায় ২ জনকে ওএমএস ডিলারশিপ দেওয়া হয়। তবে বিসিকসহ যশোর পৌরসভা এলাকায় ১৪ জনের খাদ্যপণ্য বিক্রির কার্যক্রম চলমান থাকলেও অন্য স্থানগুলির ডিলারদের কার্যক্রম অনিয়মিত ছিলো। অর্থাৎ বিসিকসহ যশোর পৌরসভা এলাকার ১৪ জন ডিলারদের খাদ্য বিভাগ থেকে সরবরাহ করায় তারা সরকারি বন্ধের দুই দিন বাদে বাকী ৫ দিন নিয়মিত খাদ্যপণ্য (আটা ও চাল) বিক্রি করতে পারছেন। কিন্তু বিশেষ প্রয়োজন ছাড়া অন্য স্থানগুলির ডিলারদের খাদ্যপণ্য সরবরাহ না করায় তারা বিক্রি করতে পারতেন না। বর্তমানে জনপ্রতি ৫ কেজি আটা (প্রতি কেজি ২৪ টাকা) ও ৫ কেজি করে চাল (প্রতি কেজি ৩০ টাকা) বিক্রি করা হচ্ছে।
ঝুমঝুমপুরস্থ বিসিকসহ যশোর পৌরসভা এলাকায় যাদেরকে আওয়ামী লীগ সরকার আমলে ওএমএস ডিলারশিপ দেওয়া হয় তারা হলেন, পূর্ব বারান্দীপাড়া ঢাকা রোড এলাকায় আবুল কাশেম বাবু, পূর্ব বারান্দী সরদার পাড়ায় হুমায়ুন কবির নাহিদ, ঘোপ সেন্ট্রাল রোডে রবিউল ইসলাম, হাটখোলা রোডে শ্যামল কুমার সাহা, পুরাতন কসবা আব্দুল আজিজ রোডে হাসান ইকবাল, খড়কি কবরস্থান এলাকায় রোকন ব্যাপারী, ষষ্ঠীতলা মুজিব সড়কে লাইজুজ্জামান, শংকরপুর চোপদার পাড়া আকবরের মোড়ে বাহাউদ্দিন, রেল রোড চার খাম্বার মোড়ে তোতা মিয়া, বেজপাড়া গুলগুল্লার মোড়ে গোলাম মোস্তফা, শংকরপুর জমাদ্দার পাড়ায় ইব্রাহিম খাঁন, বকচর হুশতলা খুলনা রোডে সালাউদ্দিন, পশ্চিম বারান্দী নাথপাড়ায় ইউসুফ আলী বিশ্বাস ও ঝুমঝুমপুরস্থ বিসিক এলাকায় নিতাই চন্দ্র সাহা। রাজনৈতিক বিবেচনায় ওই সময় তাদেরকে ওএমএস ডিলারশিপ দেওয়া হয়েছিলো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ১৪ জন ডিলারের ডিলারশিপ বাতিল করে নতুন করে ১২ জনকে ডিলারশিপ দেওয়া হবে। গত ২৩ অক্টোবর জেলা ওএমএস কমিটির সভায় নতুন করে ১২ জনকে ডিলারশিপ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ লক্ষ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রকের দফতর থেকে ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর ডিলারশিপের জন্য আগ্রহী ২৩৫ জন নির্ধারিত ফরম সংগ্রহ করেন। সোমবার ফরম জমা দেওয়ার শেষ তারিখ ছিলো। দুপুর পর্যন্ত ১৫৮টি ফরম জমা হয় বলে জানা গেছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেফাউর রহমান জানান, খাদ্যশস্য বিক্রির কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেই জন্য নতুন ডিলার নিয়োগের আগ পর্যন্ত পুরনো ডিলারশিপ বাতিল করা হচ্ছে না। তবে নতুন ডিলার নিয়োগের কার্যক্রম শেষ হলে পুরনো ডিলারশিপ বাতিল করা হবে বলে তিনি জানিয়েছেন।