চৌগাছায় নিহত আশা চেয়ারম্যানের ভাই খুন

0

লোকসমাজ ডেস্ক॥ যশোরের চৌগাছায় ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন আশা হত্যাকান্ডের ২২ বছর পর সেই আসামিদের হাতে খুন হলেন তার আপন ভাই আনিসুর রহমান। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে তাকে কুপিয়ে জখমের পর বুধবার ভোরে আনিসুরের মৃত্যু হয়।
নিহত আনিসুর রহমান (৫৫) চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ও নিহত ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন আশার সেজো ভাই।
হামলায় আনিসুরের ফুফাতো ভাই আব্দুস সালামও আহত হন। হতাহতরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
নিহত আনিসুরের ছোট ভাই আশিকুর রহমান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে আনিসুর রহমান ও তার ফুফাতো ভাই আব্দুস সালাম জগন্নাথপুর উত্তরপাড়া মোড়ে একটি চায়ের দোকানে চা পান করছিলেন। চা পান শেষে আনিসুর বাড়ির উদ্দেশে দোকান থেকে বের হন। এ সময় হঠাৎ সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাকে রক্ষা করতে এগিয়ে যান ফুফাতো ভাই আব্দুস সালাম। সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় আনিসুর রহমানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান জানান, হামলার শিকার আনিসুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে মারা গেছেন। পুলিশ হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করতে অভিযান শুরু করেছে।
স্থানীয় সূত্র জানায়, ২০০২ সালের ২৪ জুলাই সন্ত্রাসী হামলায় নিহত হন আনিসুরের বড় ভাই চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ হোসেন আশা।