রামপালে শিক্ষকের ঘের দখলের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে শিক্ষকের মাছের ঘের দখল করতে মরিয়া হয়ে উঠেছে প্রতিপক্ষ। উপজেলার ঝনঝনিয়া সিকির পাওয়ার হাউজ এলাকায় ওই ঘের দখলে নিতে প্রতিপক্ষ সেখানে ছাপড়া ঘর তোলে এবং মাছ লুট করে নেয়।

ভুক্তভোগী স্কুল শিক্ষক শেখ নূরনবী টুকু জানান, উপজেলার ঝনঝনিয়ার গ্রহীতা জীতেন্দ্র নাথ গং জমি নিলাম খরিদ করেন। পরে ওই জমি ১৯৪৭ সালে শেখ নূরনবীর বাবা দাতা শেখ আয়েন উদ্দিন গং খরিদ করে দখল বুঝে নেন। কিন্তু ওই জমি সিএস বুনিয়াদে দাবি করেন জয়নাল ফকির গং। এই জমি নিয়ে মামলা করে জয়নাল ফকির গং। মামলাটি শুনানী শেষে আদালত ২০০৫ সালে খারিজ করে দেন। পরে একই আদালতের পুনরায় বিচার চান। ২০২২ সালে সেটিও খারিজ করেন আদালত। পুনরায় আবারো আবেদন করলে সেটিও বিবাদীর অনুকূলে খারিজ হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ৬ আগস্ট আবদুল লতিফ, শেখ আবু বকার, শেখ মাহাতাব, শেখ ফজলু গং জমি ও জমিতে থাকা মৎস্য ঘেরে চড়াও হয়। তারা ঘের দখলে নিতে ঘেরের মধ্যে ছাপড়া ঘর বাঁধে ও তিনদিন ধরে প্রচুর মাছ লুট করে নেয় বলে অভিযোগ করেন শেখ নূরনবী টুকু। তিনি জানান, গত ৭৭ বছর ধরে তারা এই জমিতে ভোগদখলে রয়েছেন। প্রতিপক্ষ বার বার আদালতে মামলা করে হেরেও জমি দাবি করে হয়রানি করছে।

অভিযোগের বিষয়ে আব্দুল লতিফ, শেখ আবু বকার, মাহাতাব শেখ ও শেখ ফজলুর রহমান বলেন, আমরা ওই জমির প্রকৃত মালিক। ভুল করে তাদের নামে রেকর্ড হয়েছে। তবে জমিতে ঘর তুলে নেট দিয়ে ঘিরলেও মাছ ধরে নেওয়ার বিষয়টি তারা অস্বীকার করেন।