ভোটার উপস্থিতি নয়, ভোটের পরিবেশ গুরুত্বপূর্ণ: ইসি রাশেদা

0

খুলনা ব্যুরো॥ ভোটার উপস্থিতি নয়, ভোটের পরিবেশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। শনিবার খুলনার ফুলতলা উপজেলা নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ইসি রাশেদা সুলতানা বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথম ধাপে উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে সন্তুষ্ট নির্বাচন কমিশন। প্রথম ধাপের চেয়ে পরবর্তী ধাপের নির্বাচনগুলোয় ভোটার উপস্থিতি বাড়াতে কাজ করছি আমরা। তবে প্রার্থীদের দায়িত্ব ভোটারদের ভেটকেন্দ্রে নিয়ে আসা আর নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটারদের নিরাপত্তা বিধান ও নির্বিঘেœ ভোটদানের পরিবেশ সৃষ্টি করা।
রাশেদা সুলতানা বলেন, দেশের নির্বাচনী আইনে নির্বাচন বৈধ হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সংখ্যক ভোটারের উপস্থিতি বা ভোটদানের কোনো বিধান নেই। তাই যে কোনো পরিমাণ ভোটারের ভোটদানেই নির্বাচন বৈধ বলে গণ্য হবে। ভোটার উপস্থিতি নয়, বরং ভোটের পরিবেশন ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ।
সকাল ১১টায় ফুলতলা ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার পিপিএম (বার) মোহাম্মদ সাইদুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ। স্বাগত বক্তৃতা করেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার এটিএম শামীম মাহমুদ, ওসি মোঃ রফিকুল ইসলাম, সহকারী রিটার্নিং অফিসার এ এস এম রোকনুজ্জামান, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ^াস প্রমুখ। ৫১ জন প্রিডাইডিং অফিসার এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।