শার্শার রুদ্রপুর সীমান্তে ৪৩ হাজার টাকার জাল নোটসহ যুবক আটক

0
শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে আটককৃত হাসানুজ্জামান এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া ৪৩ হাজার টাকার জাল নোট।। ছবি: সংগৃহীত

আজিজুল ইসলাম,বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ৪৩ হাজার টাকার জাল নোটসহ হাসানুজ্জামান (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান। আটক হাসানুজ্জামান শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের জানিক গাজীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, রোববার রাতে ২১ বিজিবির কায়বা বিওপির একটি টহল দল রুদ্রপুর সীমান্ত এলাকায় সন্দেহভাজন হিসেবে হাসানুজ্জামানকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ৮৬টি জাল নোট বা ৪৩ হাজার টাকা জব্দ করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় জাল নোট, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি জানায়, আটক যুবককে জব্দকৃত জাল নোটসহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন।