অভয়নগরে ফেসবুক স্ট্যাটাস দেখে বৃদ্ধাকে ইউএনও’র সহায়তা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামের বিধবা বৃদ্ধা ছবিরনের (৭০) জন্যে সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। সুনীল দাসের ফেসবুক স্ট্যাটাস দেখে ওই বৃদ্ধার কাছে পৌঁছে দিয়েছেন খাদ্য, ওষুধ ও ঘর নির্মাণের সামগ্রী।
উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সিদ্দিপাশা গ্রামের বৃদ্ধা ছবিরনের স্বামী ও এক ছেলে বেশ কিছুদিন আগে মারা যান। সম্বলহীন হয়ে পড়েন তিনি। পলিথিন টাঙিয়ে তিনি বসবাস করতে থাকেন। খাদ্য ও ওষুধের অভাবে তার দৈন্যদশা দেখা দেয়। এরই মধ্যে দুইদিন আগে তার জীর্ণঘরের ছবি ফেসবুকে প্রকাশিত হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের দৃষ্টিগোচর হয়। তিনি ছুটে যান তার বাড়িতে। তার বেঁচে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করেন। ঘরের নির্মাণ কাজ ঈদের আগেই শেষ হয়ে যাবে। অভয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীনও বৃদ্ধা ছবিরন বেগমকে মানবিক সহায়তা দেন।
বৃদ্ধা ছবিরন বেগম বলেন, মিতু নামের এক প্রতিবেশী আমাকে দেখাশুনা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তা পেয়ে আমি এখন ভাল আছি।