বাঘারপাড়ায় পুলিশ পরিচয়ে যুবককে অপহরণের চেষ্টা

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বাঘারপাড়ায় অপহরণ চেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বাপ্পী দেবনাথ (২৪) নামে এ যুবক। বুধবার সন্ধ্যায় উপজেলার দরাজহাট ইউনিয়নের বাঘারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাপ্পী বাঘারপাড়ার সুকুমার দেবনাথের ছেলে।
অভিযোগে বাপ্পী উল্লেখ করেছেন, বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি নিজ বাড়ির সামনে অমর দেবনাথের দোকানে বসে থাকা অবস্থায় দুইজন অপরিচিত ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে পালসার মোটরসাইকেলে তুলে অপহরণের চেষ্টা চালায়। এক সময় মোটরবাইকটি বাঘারপাড়ার দাদভাঙ্গা মোড়ে পৌঁছুলে বাপ্পীর চিৎকারে নাথপাড়ার মৃত অধির সরকারের ছেলে দীপ সরকার ও মুজিবর বিশ্বাসের ছেলে রোস্তম বিশ্বাসসহ অনেকে এগিয়ে আসেন। অভিযোগে বাপ্পী আরও লিখেছেন, লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে দুইটি দামি মোবাইল ফোন কেড়ে নিয়ে অপিরিচিত দুইজন অপহরণকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর ওইদিন রাতেই বাঘারপাড়া থানায় অজ্ঞাতনামা ২জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে শনাক্ত করতে পারেনি।
বাপ্পীর ছোট ভাই পল্লব দেবনাথ জানান, পুলিশ পরিচয়ে দাদাকে মোটরবাইকে তুলে বেদম মারধর করা হয়। এক পর্যায়ে দাদাকে খোলা মাঠের দিকে নিয়ে যেতে থাকলে তিনি মোটরবাইকের হাইড্রোলিক ব্রেক চেপে ধরে চিৎকার দেন। এ সময় মোটরসাইকেলটি পড়ে যায় ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পড়লে মোটরসাইকেল তুলে নিয়ে অপহরণকারীরা দ্রুত পালিয়ে যায়।
বাঘারপাড়া থানার তদন্তকারী অফিসার এসআই তরিকুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার তদন্ত চলছে।