বাঘারপাড়ায় পুলিশের গণগ্রেফতার থামছে না, নতুন আটক ৫

0

স্টাফ রিপোর্টার॥ বাঘারপাড়ায় পুলিশের গণগ্রেফতার থামছে না। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
দলটির উপজেলা ও কেন্দ্রীয় নেতারা বলছেন, বিএনপির একদফা আন্দোলন বানচাল করতে পরিকল্পিতভাবে দলের নিরীহ- নিরপরাধ নেতাকর্মীদের আটক করা হচ্ছে। তবে পুলিশ বলছে, সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করা হচ্ছে।
শুক্রবার যে ৫ জন আটক হয়েছেন তারা হলেন, রায়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ মুন্সী, মাস্টার নাসির উদ্দীন, জামদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাহেব আলী, ৪ নং ওয়ার্ড বিএনপি নেতা পলাশ আহমেদ ও ধলগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শামছুদ্দীন শামা। কোনো কারণ ছাড়াই পুলিশ তাদেরকে আটক করে কথিত নাশকতার মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করে।
বাঘারপাড়া থানা বিএনপির আহবায়ক শামসুর রহমান জানান, পুলিশের গণগ্রেফতারের আতঙ্কে বিএনপির শ শ নেতাকর্মী বাড়িতে থাকতে পারছেনা। এমনকি হাট বাজারেও উঠতে পারছে না। তিনি বলেন, দলের বয়োবৃদ্ধ, অসুস্থ নেতাকর্মীরাও পুলিশের এ গণগ্রেফতার থেকে রেহাই পাচ্ছেন না। এ পর্যন্ত উপজেলার ৯ ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলের ২৫ জন নেতাকর্মী আটক হয়েছেন বলে তিনি জানান।
এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেন, সরকার পতনের একদফা আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে এগুচ্ছে ঠিক তখনি পুলিশ এ নির্বিচারে গ্রেফতার অভিযানে নেমেছে। এ বিষয়ে বাঘারপাড়া থানা পুলিশকে বারবার অনুরোধ করার পরও তাদের কমর্কান্ড অব্যাহত রেখেছে। তিনি বলেন, পুলিশ বেছে বেছে দলের সক্রিয় নেতাকর্মীদের আটক করছে। বিগত জাতীয় নির্বাচনের আগে যে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিলো ঠিক সেই পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তবে এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি শাহাদৎ হোসেনের দাবি, যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। কাউকে অহেতুক হয়রানি করা হচ্ছেনা।