সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

0

 

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরা সদর উপজেলার ইন্দিরা গ্রামে শিয়াল প্রতিরোধে পানের বরজে টানিয়ে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর একটার দিকে ইন্দিরা গ্রামের সরকারপাড়ার নিমাই পদ দাসের পানের বরজ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মৃত মীর গোলাম মোস্তফা (৪৭) সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি কারিকরপাড়ার মীর মোসলেম আলীর ছেলে।
ইন্দিরা সরকারপাড়ার নিমাই পদ দাস জানান, তার বরজে প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বুধবার পান ভাঙা হয়। মঙ্গলবার পান ভাঙার জন্য তিনি সব ধরনের প্রস্ততি নিয়ে রেখেছিলেন। এমনকি পানের বরজে শিয়াল প্রতিরোধে বৈদ্যুতিক তারে বাল্ব ঝুলিয়ে রেখেছিলেন। গত রোববার রাত ১০টার দিকে তিনি বরজে পাহারা দিতে গিয়ে এক ব্যক্তিকে তার বরজের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি তাৎক্ষণিক স্থানীয় লোকজনদের জানান। সোমবার দুপুরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ মৃতের পরিচয় জানতে পারে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে পানের বরজে শিয়াল মারার জন্য টানিয়ে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে গোলাম মোস্তফার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।