চৌগাছায় ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় সন্ধ্যারানী (৪৬) নামে এক নারী ঘাস মারা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। সোমবার বিকেলে উপজেলার দিঘলসিংহা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের শ্রীবাস হালদারের স্ত্রী।
সন্ধ্যারানীর ছেলে রতন হালদার বলেন, মা সংসারের প্রয়োজনে বেশ কয়েকটি এনজিও ও স্থানীয় সুদে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সময় প্রায় ১০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। এ ঋণের কিস্তি ও ব্যবসায়ীদের সুদের টাকা পরিশোধে তিনি ব্যর্থ হন। সম্প্রতি ওইসব এনজিও ও স্থানীয় সুদে ব্যবসায়ী টাকা পরিশোধ করতে ব্যাপক চাপ দিচ্ছিলো। মা তাদের চাপ সইতে না পেরে ঘাস মারা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় ইউপি সদস্য বায়জিদ হোসেন বলেন, এ খবর শোনার পর তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোর-২৫০ শয্যা জেনারেল হাসফাতাল ও পরে ঢাকায় রেফার করেন। সেখান থেকে বাড়িতে আনার পর তার মৃত্যু হয়। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনা নিশ্চিত করেছেন।