ঝিকরগাছায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলায় উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমের এই কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ৪০০ জন কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ প্রদান করা হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের হাতকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের আউশ চাষে উদ্বুদ্ধ করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ এবং যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম ও সেক্রেটারি নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিসিআইসি আশফাকুজ্জামান খান রনি, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলামসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় পৌরসদরসহ উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচিত প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। আধুনিক জাতের উফশী ধানের উৎপাদন বাড়িয়ে স্থানীয় চাহিদা পূরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য।