নওগাঁয় একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

0
নওগাঁর নিয়ামতপুরে চার খুনের ঘটনায় ওই বাড়িতে স্থানীয়দের ভিড় ও শোকাবহ পরিবেশ।। ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে এক গরু ব্যবসায়ীর বাড়িতে ডাকাত দলের নৃশংস হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন— হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) এবং তিন বছরের কন্যাসন্তান সাদিয়া খাতুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। সোমবার রাতে মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে তিনি বাড়িতে ফেরেন। ধারণা করা হচ্ছে, ওই টাকা ও স্বর্ণালঙ্কার লুট করার উদ্দেশ্যেই গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে। হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া পারভেজ ও শিশু সাদিয়াকে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দুর্বৃত্তরা পপি খাতুনের কানের রিং ছিঁড়ে নেওয়াসহ বাড়ির মূল্যবান স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত ডাকাতি। পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়েই ডাকাত দল পরিবারের সব সদস্যকে হত্যা করে থাকতে পারে। পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করেছেন।