মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

0
বিতর্কিত মন্তব্যের অভিযোগে সিরাজগঞ্জের আদালতে এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি সংক্রান্ত বিষয়ে তথ্যপ্রমাণ ছাড়া বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের একটি আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

ঘটনার সূত্রপাত গত ২৭ মার্চ। ওইদিন কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার খুতবার আগে বক্তব্যে এমপি আমির হামজা দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক সেখানে বদলি হয়ে আসার জন্য প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে গত ১৩ এপ্রিল এমপি আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ এনে নোটিশে তাকে ৭ দিনের মধ্যে অভিযোগের সপক্ষে প্রমাণ দাখিলের দাবি জানানো হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো তথ্য বা প্রমাণ দিতে ব্যর্থ হন।

মামলার আইনজীবী আব্দুল মজিদ জানান, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের কাছ থেকে তথ্যপ্রমাণ ছাড়া প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তোলা আইনত দণ্ডনীয়। এটি সরকারি কর্মকর্তাদের মর্যাদাহানি করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি তৈরি করেছে। এ কারণেই আদালত আজ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছেন।