অভয়নগরে আসলাম হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া জুট মিলের সুপারভাইজার আসলাম হাবিব হত্যা মামলায় নয়ন নামে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্পেশাল ট্রাইব্যুনাল ৮ম এর বিচারক সুরাইয়া সাহাব এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত নয়ন সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মোকাদ্দেছ আলীর ছেলে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, নওয়াপাড়ায় বাংলাদেশ বেতার কেন্দ্রের সামনের তিলতলা ভবনে বসবাস করতেন জুট মিল শ্রমিক আসলাম হাবিব ও তার ভাই রবিউল ইসলাম। ২০১১ সালের ১৫ জুলাই রাতের খাওয়া শেষে ঘুমাতে যান আসলাম হাবিব ও তার পরিবারের সদস্যরা। গভীর রাতে পূর্ব পরিচিত নয়নের ডাকে ঘুম ভেঙে যায় আসলাম হাবিবের। ডাকার কারণ জানতে চাইলে নয়ন তাকে জানান, তিনি রাতে তার বাসায় থাকতে চান। তবে বাড়তি রুম না থাকায় নয়নকে নিয়ে আসলাম হাবিব রান্নাঘরে ঘুমাতে যান। এরই মধ্যে নয়ন ঘুম থেকে উঠে আসলাম হাবিবের স্ত্রীর কাছে পানি ও ভাত খেতে চান। কিন্তু ঘরে ভাত নেই আসলাম হাবিবের স্ত্রী এ কথা বললে পানি পান করে ফের রান্নাঘরে ঘুমাতে নয়ন। পরদিন ভোরে ঘুম থেকে উঠে আসলাম হাবিবের স্ত্রী দেখেন, মশারি খোলা। রুমের ভেতর নয়ন নেই। মেঝেতে রক্ত, আসলাম হাবিবের গলা কাটা লাশ পড়ে আছে।
পরে পুলিশ সংবাদ পেয়ে আসলাম হাবিবের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত আসলাম হাবিবের ভাই শামসুর রহমান অভয়নগর থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আসামি নয়নকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই শরীফ হাবিবুর রহমান। ওই মামলায় আসামি নয়নের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।