রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে রুশ জাহাজ

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা॥ রাশিয়া থেকে সরাসরি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে আসা জাহাজ এমভি ইসানিয়া মোংলা বন্দরে ভিড়েছে। রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসা এ জাহাজটি বুধবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে মোংলা বন্দরের ৭নম্বর জেটিতে ভেড়ে। পরে সন্ধ্যার আগ থেকে জাহাজটি হতে পণ্য খালাসের কাজ শুরু হয়।
এ রুশ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১২৭০দশমিক ৪০৭মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ২জুলাই মোংলা বন্দরের উদ্দেশ্যে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসে এমভি ইসানিয়া। এরপর রাশিয়ান পতাকাবাহী এ জাহাজটি বুধবার বিকেল ৩টার দিকে মোংলা বন্দরের ৭নম্বর জেটিতে ভেড়ে। সন্ধ্যার আগ থেকে এ জাহাজটি হতে ৪৪২ প্যাকেজের মেশিনারিজ পণ্য খালাসের কাজ শুরু হয়। জাহাজ থেকে মেশিনারি পণ্য খালাস করে তা জেটিতে রাখা হচ্ছে। পণ্য খালাস শেষে এ জাহাজটির শুক্রবার মোংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে।
এদিকে জাহাজ থেকে জেটি নামিয়ে রাখা এ মেশিনারিজ পণ্য রোববার থেকে সড়ক পথে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।