পাইকগাছায় সাত বস্তা ভিজিডির চাল জব্দ : ভ্যনচালক আটক

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় ভিজিডির সাত বস্তা চাল ইউনিয়ন পরিষদের গুদাম থেকে পাচারের সময় জব্দ করেছেন স্থানীয়রা। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুলিশ জব্দকৃত ভ্যানসহ চাল ও ভ্যান চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে।
উপজেলার রাড়ুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান,ভিজিডির ৬২০ বস্তা চাল পরিষদের গুদামে সংরক্ষিত আছে। যা ৩১০ ব্যক্তি দুই মাসে ২ বস্তা করে চাল পাবেন। আগামীকাল মঙ্গলবার থেকে এ চাল দেওয়া হবে।  চাল পাচারের কথা অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ইউপি সদস্য সাইফুল জানান,‘আমি এ ব্যাপারে কিছুই জানি না।’ স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম গোলদার জানান,আমি নিজেই রোববার সকাল ৬ টায় ভ্যানসহ ৭ বস্তায় ২১০ কেজি চাল রাড়ুলি আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউটের পাশে রাস্তার ওপর থেকে জব্দ করি। পরে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি।’উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, চাল জব্দ করে থানায় রাখা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।