রেলক্রসিংয়ে গেটম্যানের অবহেলায় ট্রেন-ট্রাক সংঘর্ষ ভাঙ্গাগেটে

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর(যশোর)॥ অভয়নগরে ব্যস্ততম ভাঙ্গাগেট রেলক্রসিংয়ে গেটম্যানের অবহেলায় ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ হয়েছে।
এ সময় একজন পথচারী আহত হয়েছেন। এ ঘটনায় ৪৫ মিনিট বন্ধ ছিল খুলনা রুটে রেল চলাচল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাঙ্গাগেট ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত গেটম্যান পালিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন একটি ট্রাকে (ঢাকা – মেট্রো ট ১৪-৮১৯৩ ) ধাক্কা দেয়। এরপর রেলওয়ের ওই ক্রসিংয়ের গেটম্যান ও ট্রাকচালক পালিয়ে যান। রেলওয়ের গেটম্যান আশিষ কুমারে অবহেলায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারনা। এসময় একজন পথচারী আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর থেকে খুলনার সাথে দেশের অন্যান্য স্থানের ট্রেন যোগাযোগ ৪৫ মিনিটের জন্যে বন্ধ থাকে। পরে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকটি সড়ক থেকে সরিয়ে ফেলে নওয়াপাড়া হাইওয়ে থান পুলিশ।
নওয়াপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি যশোর থেকে ছেড়ে আসে । বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মশরহাটি ভাঙ্গাগেট রেল ক্রসিংয়ে পৌঁছালে একটি ট্রাকও সেখানে প্রবেশ করে। এসময় দুর্ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানায়, ক্রসিংয়ের সিগন্যাল গেট এসময় ফেলা না হওয়ায় ট্রাকটি রেল লাইনের ওপর উঠে যায়।
স্টেশন মাস্টার বলেন, ঘটনার পর থেকে ভাঙ্গাগেট ক্রসিংয়ের গেটম্যান আশিষ কুমার পলাতক। তার ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ মোল্যা বলেন, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ওই স্থানে গিয়ে ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।