ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নীরব হত্যার বিচার দাবিতে মানববন্ধন

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহে তেল পাম্পে কর্মচারীদের পিটুনিতে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফারদিন আহমেদ নীরব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত ছাত্র ঐক্য ঝিনাইদহ জেলা শাখা। মানববন্ধন কর্মসূচিতে ব্যানার- ফেস্টুন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নিহত নীরব হোসেনের স্বজন ও ছাত্ররা অংশ নেন।

মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রাজু, ছাত্র মজলিসের সভাপতি উসামা হক ও ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আব্দুর রহমান।

বক্তারা ছাত্রনেতা নীরব হোসেন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে আটক বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ৭ নেতাকর্মীর নি:শর্ত মুক্তি দাবি করেন।

শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে তেল কেনা-বেনা নিয়ে বাক-বিতন্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে নিহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহের যুগ্ম মুখ্য সংগঠক ফারদিন আহমেদ নীরব।

এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা একটি পাম্প ও কেন্দ্রীয় বাস টার্মিনালে ৩ টি বাসে আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত হত্যায় জড়িত থাকার অভিযোগে ৩ জন এবং তেল পাম্প ও বাসে আগুন দেওয়ার ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।