শৈলকুপার বগুড়া ভূমি অফিসে অনিয়মের অভিযোগ

0
ছবি: ভূমি অফিসার নিকুঞ্জ কুমার বিশ্বাস ও পিয়ন তোতার মিয়া।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের ভূমি অফিসার নিকুঞ্জ কুমার বিশ্বাস ও পিয়ন তোতার মিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, বগুড়া ইউনিয়নের ভূমি অফিসার নিকুঞ্জ কুমার বিশ্বাস ও অফিসের পিয়ন তোতা মিয়া প্রতিদিন সকাল দশটার পরে অফিসে আসেন। বিকেল ৩টার পর অফিস থেকে চলে যান। ফলে সেবা প্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

সোমবার ওই অফিসে গিয়ে দেখা যায়, ভূমি অফিসার নিকুঞ্জ কুমার বিশ্বাস সকাল সাড়ে দশটার সময় অফিসে আসেন। দেরির কারণ জানতে চাইলে তিনি বলেন, এসিল্যান্ড সাহেব জানেন। তার সাথে কথা বলেন। এর কিছু সময় পর সকাল ১১টার দিকে অফিসে আসেন পিওন তোতা মিয়া। তার কাছে দেরির কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকের সাথে খারাপ আচরণ করেন।

ভূমি অফিসে জমির খাজনা দিতে আসা দলিলপুর গ্রামের জালাল উদ্দীন জানান, আমি চারদিন ধরে একটা পর্চার ফটোকপি নেওয়ার জন্যে এসে শুধুই ঘুরতে হচ্ছে। পরে অফিসের পিয়ন তোতা মিয়া আমার কাছ থেকে ২শ টাকা নিয়ে একটি পর্চার ফটোকপি দিয়েছেন।

এছাড়া ভূমি কর্মকর্তা নিকুঞ্জ কুমার বিশ্বাস আমার জমির খাজনার ১১৫ টাকার রশিদে বেশি টাকা নিয়েছেন।মকরামপুর গ্রামের মান্না নামের এক ব্যক্তি একই অভিযোগ করেন।

এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, সরকারি আইন অমান্য করে অফিসে যাতায়াত ও অনৈতিক সুযোগ-সুবিধা নেওয়ার কোন সুযোগ নেই। আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।