এসএসসি ৯৩ ব্যাচের ৩০ বর্ষপূর্তি উদযাপন

0

 

খাজুরা (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়া উপজেলা জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানের এসএসসি ১৯৯৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিদ্যালয়ের সবুজ চত্বরে দিনভর নিরন্তর আড্ডা-খুনসুটিতে মেতে উঠে ৯৩ ব্যাচের বন্ধুরা। সকাল ১০টায় জাতীয় সংগীত আর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পুনর্মিলনীর আনুষ্ঠানিক সূচনা হয়। শুরুতেই সুসজ্জিত মঞ্চে কেক কেটে বন্ধুরা একে অপরকে খাইয়ে দেন। এরপর পরিচিতি পর্ব শেষে বেলা একটা পর্যন্ত চলে মেয়েদের চেয়ারে বসা ও ছেলেদের হাঁড়িভাঙ্গা খেলা। মধ্যাহৃ ভোজের পর ৯৩ ব্যাচের বন্ধু মোসলেম উদ্দীনের পরিচালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে বন্ধু পুনর্বাসন ও তাদের সন্তানদের বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর কৌতুক, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বন্ধুরা। গানের সঙ্গে চলল নাচও। সবার বয়স যেন তখন ৩০ বছর কমে গিয়েছিল। আনন্দের এসব মুহূর্ত ক্যামেরাবন্দী করতে ব্যস্ত ছিলেন অনেকেই। পুনর্মিলনী আয়োজক কমিটির আহবায়ক আবু সাঈদ লিটন বলেন, ‘আজকে মনে পড়ে যাচ্ছে স্কুলের শেষ দিনের কথা। সেদিন বন্ধুকে ছেড়ে যাওয়ার সময় বলেছিলাম একসঙ্গে থাকার। কিন্তু বাস্তবতার কারণে অনেকের সঙ্গে দেখা না হলেও পুনর্মিলনীতে এসে আবার সবার সঙ্গে দেখা হল।’