ডিআইএ কর্মকর্তারা কলেজ পরিদর্শনে গেলেই শিক্ষকরা ‘ওয়ান মান্থ এমপিও’ দেন: শিক্ষামন্ত্রী

0
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ শিক্ষা খাতের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে আর্থিক সুবিধা নেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগের কথা উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী জানান, ডিআইএ-র কর্মকর্তারা যখনই কলেজ পরিদর্শনে যান, তখনই নাকি শিক্ষকরা তাঁদের ‘ওয়ান মান্থ এমপিও’ (বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বেতনের সরকারি অংশ) দিয়ে দেন। এই অনৈতিক আর্থিক সুবিধার কারণেই শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে ডিআইএ-তে নিয়োগ পাওয়ার জন্য সবচেয়ে বেশি ভিড় ও তদবির লক্ষ্য করা যায় বলে তিনি মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, “ডিআইএ-তে নিয়োগ দেওয়ার জন্য আমার কাছে সবচেয়ে বড় ভিড়। আমার সহকর্মীরা যখন এই বদলির অনুরোধ নিয়ে আসেন, আমি তাঁদের আমার কাছে পাঠিয়ে দিতে বলি। তখন আমি প্রশ্ন করলে ওই কর্মকর্তারা আস্তে করে দূরে সরে যান।”

মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরীক্ষা ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনের দায়িত্বপ্রাপ্ত এই সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ দীর্ঘদিনের। শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি টাকার হিসাব রাখার জন্য সংস্থাটি করা হলেও পরিদর্শনের নামে আর্থিক সুবিধা নেওয়া একটি পুরোনো সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে শিক্ষা খাতের এই দুর্নীতি ও অনিয়ম নিয়ে কড়া বার্তা প্রদান করেন।