পুলিশ স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা নারী পুলিশের

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পুলিশ কনস্টেবল হেকমত আলীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে মঙ্গলবার আদালতে মামলা করেছেন তার স্ত্রী তানিয়া সুলতানা মিতা। তিনিও পুলিশের কনস্টেবল পদে চাকরি করেন। যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের ফসিয়ার রহমানের মেয়ে তিনি। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
অভিযুক্ত হেকমত আলী খুলনা সদর উপজেলার মির্জাপুর গ্রামের সাহেব আলীর ছেলে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত রয়েছেন।
মামলায় বাদি তানিয়া সুলতানা মিতা উল্লেখ করেছেন, গত বছরের ১ এপ্রিল হেকমত আলীর সাথে তার ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর থেকেই হেকমত আলী পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। এরই মধ্যে গত ১৯ জানুয়ারি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়। গত ২২ জানয়ারি তানিয়া সুলতানা মিতা একটি সন্তান প্রসব করেন। খবর পেয়ে ২৪ জানুয়ারি হেকমত আলী যশোরে আসেন এবং একটি হাসপাতালে গিয়ে স্ত্রীর সাথে দেখা করেন। এ সময় হেকমত আলী স্ত্রী তানিয়া সুলতানা মিতাকে জানান যে, যৌতুকের ৫ লাখ টাকা না পেলে তাকে বাড়িতে নিয়ে যাবেন না।